আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে হাজিরপাড়া ইউপির বড়বল্লভপুর গ্রামের মাহবুব মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-ওই গ্রামের দুলাল ড্রাইভারের পুত্র রায়হান (৩২) ও একই গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র জাহিদুন্নবী (৩২)। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. মজিবুর রহমান তপাদার ও এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বড়বল্লভপুর এলাকার মাহবুব মাকের্টে অভিযান চালায়। একপর্যায়ে জনৈক বাবুলের চা দোকানের সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ তাদের দুইজনকে আটক করা হয়।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইয়াবাসহ রায়হান ও জাহিদুন্নবী নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (১৯(১) এর টেবিল ৯(ক)/২৫) মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।