আকাশবার্তা ডেস্ক :
আসন্ন জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের নিজেদের নির্বাচনী এলাকায় যাওয়া এবং অবস্থানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ ডিসেম্বর) শেরে বাংলানগরে ইসি কার্যালয়ে নির্বাচন কমিশন শাহনেওয়াজ সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে কিছু প্রার্থী ও সরকারদলীয় সাংসদ নানাভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলে লিখিত ও মৌখিক অভিযোগ এসেছে আমাদের কাছে। জেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রীরা কোন ধরনের প্রভাব ফেলতে না পারে একারণে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে ‘কিছু’ স্থানীয় সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব খাটানোর অভিযোগ এসেছে। এ ধরনের কোনো অনিয়ম সহ্য করা হবে না। বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা ও উপজেলায় স্থাপিত কেন্দ্রে এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে দেশের ৬১ জেলায়। দেশে প্রথমবারের মতো এ নির্বাচনে স্থানীয় সরকারের সিটি, পৌর, উপজেলা ও ইউপি জনপ্রতিনিধিরাই কেবল ভোট দেবেন। এ নির্বাচন ঘিরে অনেক এলাকায় সরকারদলীয় সাংসদ ও প্রার্থীদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ সংবাদমাধ্যমে আসছে বেশ কিছুদিন ধরেই। প্রার্থীরা ভোট কেনা-বেচার চেষ্টায় বিভিন্ন কৌশল ব্যবহারে চাপ দিচ্ছে বলেও অভিযোগ পেয়েছে ইসি।
শাহনেওয়াজ বলেন, প্রার্থীরা কেউ কেউ ভোটারদের বলছেন ক্যামেরায় ছবি তুলে আনতে, কেউ বলছেন ব্যালট পেপারের পেছনে বিশেষ চিহ্ন দিতে। ভোটের আর দুদিন রয়েছে। সাংসদদের কাছে অনুরোধ করছি- আপনারা এলাকা থেকে চলে আসেন। আমাদের অনুরোধ উপেক্ষা করে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোন না কেন- অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। ভোটকেন্দ্রে যাতে কোনো অনিয়ম না হয়, সেজন্য প্রতিটি ভোটকক্ষের সামনে একজন করে নির্বাহী হাকিম রাখা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।
তিনি বলেন, কোনো ভোটার বা জনপ্রতিনিধি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা ভোটারকে তল্লাশি করে তা নিশ্চিত করবেন। ব্যালট পেপারের কোথাও পরিচিতিমূলক চিহ্ন ব্যবহার করলে তা বাতিল করা হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানান এ নির্বাচন কমিশনার। জেলা পরিষদ নির্বাচনে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।