আকাশবার্তা ডেস্ক :
ফোনালাপ ফাঁসের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (২১ডিসেম্বর) গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল এই মামলা দায়ের করেন। ওই অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।
গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ বলেন, গোলাম মাওলা রনিসহ মোট ৬ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। তবে কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি।
বাকি আসামিরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান খান, রনির ভাই সরোয়ার হোসেন, শ্যালক মকবুল হোসেন, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান ও শাহ আলম সানু।
আওয়ামী লীগ থেকে বিএনপিতে নাম লেখানো রনির এবার গলাচিপা-দশমিনা আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গত ১৫ ডিসেম্বর গলাচিপা সদরে তার স্ত্রী কামরুন্নাহার রুনুর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে রনি সেদিন সাংবাদিকদের বলেন, হামলাকারীরা তার স্ত্রী ও বোনের গয়নাও লুট করেছে।
তার দুদিন পর ইউটিউব ও ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি অডিও টেপের ভিত্তিতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ওই টেলি কথোপকথন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খানের সঙ্গে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির।
সময় টেলিভিশন যে অডিও টেপটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে, সেখানে একজনকে বলতে শোনা যায়, “গাড়িটা আগে থানায় নাও। থানায় নিয়া এই সুযোগে প্রার্থীসহ সবাইরে মামলায় দিয়ে দাও। আমি ওপরে প্রেসার ক্রিয়েট করতেছি। তোমরা সমস্ত নেতারা থানা ঘেরাও করো, সবাই, এভরিবডি, সমস্ত নেতাকর্মী।
“ওখানে বসে তোমার ভাবিকে বাদী কর। তার ওপর হামলা হয়েছে, তার গাড়ির ওপর হামলা হয়েছে বলে সবাইরে মামলা কর। মামলা না নেওয়া পর্যন্ত তোমরা থানা থেকে নামবা না সবাই। এটা কিন্তু আমাদের সুযোগ এবং সব জায়গায় টেলিফোন দিয়ে হাজার হাজার লোক থানা ঘেরাও কর। এটা আমাদের একটা সুযোগ আসছে, ঠিক আছে?”
রনির বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, “গত ১৫ ডিসেম্বর দুপুরে গলাচিপা টিঅ্যান্ডটি সড়কে গোলাম মাওলা রনির স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা আত্মঘাতী ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি করে নিরাপত্তা বিঘ্নিত করে। মোবাইলে তার কথোপকথন ফেইসবুকে ভাইরাল হলে জনমনে ভীতির সৃষ্টি হয়, যা আসন্ন নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে।”
এ বিষয়ে গোলাম মাওলা রনি’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কোন অপরাধ তিনি করেননি। বাদীর এ মামলা করার কোনো এখতিয়ার নেই।