আকাশবার্তা ডেস্ক :
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।একই সঙ্গে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বনির্ধারিত শুক্রবার এবং এর পরবর্তী সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। ৪ জানুয়ারি ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল ছাত্রলীগের। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর স্বাক্ষরিত বৃহস্পতিবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, “স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে জাতি আজ গভীর শোকে আচ্ছন্ন। “মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর জাতীয় ও দলীয় পতাকা উত্তলন পরর্বর্তী সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।”
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গুরুতর অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি। দেশে না থেকেও রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।