আকাশবার্তা ডেস্ক :
আজ শনিবার (০৫জানুয়ারি) দেশের প্রতিটি থানায় পুলিশের প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে থাকবে খাওয়া-দাওয়া এবং গান-বাজনার আয়োজন। পুলিশ সদর দফতরের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিটি থানায় নির্দেশনা জারি করা হয়েছে।
প্রতিটি থানায় পুলিশ সদর দফতর থেকে গত বৃহস্পতিবার বরাদ্দ পাঠানো হয়েছে বলে জানা গেছে। মাঠপর্যায়ের একাধিক সদস্য বলেছেন, পুলিশ সদর দফতরের এই আয়োজনে তারাও খুশি। আগামীকাল রোববার পুলিশ সদর দফতরে প্রীতি ভোজ হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যেই প্রীতিভোজের খাবারের তালিকা ঠিক করা হয়েছে। তাতে থাকবে পোলাও, মোরগের রোস্ট, গরু ও খাসির রেজালা, মুরগির গিলাকলিজা দিয়ে বুটের ডালের লটপটি, বোরহানি, পায়েস ও সফট ড্রিংকস।
পুলিশ সূত্র জানায়, এটি শুধু পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। থানায় কর্মরত সব পুলিশ সদস্য এবং ফাঁড়ি পুলিশ, ক্যাম্প পুলিশ ও সংশ্লিষ্ট থানায় কর্তব্যরত আনসার বাহিনীর সদস্যরা অংশ নেবেন। প্রীতিভোজে এমপি, মন্ত্রী বা কোনো রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হবে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ৬৩৩ থানায় দুপুরে এই প্রীতিভোজ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের কারনে কোনো কোনো থানা বিশেষ অনুমতি নিয়ে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু’টি পর্বই রাতে করবে।
মাঠ পর্যায়ের একাধিক পুলিশ সদস্য বলেন, দিনরাত কাজ করে তারা বিনোদন থেকে একেবারেই দূরে। দিনরাত তাদেরকে পরিশ্রম করতে হয়। এরকম আয়োজন তাদের অনেক বড় পাওয়া।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, আইজিপি প্রীতভোজ পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। আইজিপির আমন্ত্রনে এদিন পদস্থ পুলিশ কর্মকর্তারা প্রীতিভোজে অংশ নেয়ার কথা রয়েছে। তবে এ অনুষ্ঠানেও বাইরের কোনো গেস্ট থাকবেন না।
সূত্র : দৈনিক আমার সংবাদ