আকাশবার্তা ডেস্ক :
জাতীয় পার্টির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ যেকোনো সময়ে সংসদে যোগ দেবেন। মঙ্গলবার ( ৫ ফেব্রুয়ারি) সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জিএম কাদের বলেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনয়ন বোর্ড একটি তালিকা পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-এর হাতে তুলে দেবে। জাতীয় পার্টি কখনও ধ্বংসাত্মক রাজনীতি করবে না। তবে সংসদে এবং রাজপথে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে।
এসময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মাঝে ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি মনোনীত অনেক প্রার্থীই নির্বাচনে বিজয়ী হবেন। তবে স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং দলের জন্য অবদান বিবেচনা করেই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেয়া হবে।
মোট ৫৮ জন প্রার্থীর মধ্যে আজ মঙ্গলবার ২৮ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। আগামীকাল বাকিদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন-মনোনয়ন বোর্ডের সদস্য এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য- গোলাম কিবরিয়া টিপু এমপি, এ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী , লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।