আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে মো. বাবু (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রলিচালক মুরাদ হোসেন (৩৫)।
শনিবার (২৭ এপ্রিল) সকালে সদর উপজেলার মিরিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবু ট্রলিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত বাবু সদর উপজেলার রাধাপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। আহত মুরাদ জেলার কমলনগর উপজেলার বাসিন্দা।
নিহতের ভাই নিজাম উদ্দিন জানান, সকালে ট্রলিতে করে নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলো। পথে উপজেলার মিরিকপুর এলাকায় পৌঁছালে ট্রলিচালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের দেয়ালে ধাক্কা লাগে। এ সময় দেয়ালটি ভেঙে মুরাদ ও বাবুর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয় ও গুরুতর আহত হন মুরাদ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন- লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।