আকাশবার্তা ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একবার ফুলপ্যান্ট পরলে আর লুঙ্গি পরা যাবে না বা গামছা পরে মাঠে যাওয়া যাবে না এই চিন্তাটা যেন মাথায় না আসে। প্রয়োজনে সব কাজ করতে হবে নিজেকে।
চোখে অপারেশন না হলে নিজেই ধান কাটতে যেতেন বলেও জানান প্রধানমন্ত্রী।
রোববার (২৩ জুন) রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চলমান ১১০তম, ১১১তম এবং ১১২তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কোনো কাজই ছোট না সেটা মাথায় রাখতে হবে। লেখাপড়া শিখলে ধান কাটতে পারবো না এই মানসিকতা থাকতে পারবে না। সবাইকে মাঠে গিয়ে ধান কাটতে হবে, শিখতে হবে। যিনি জানেন এ রকম কৃষককে সঙ্গে নিতে হবে। ধান কাটার একটা নিয়ম আছে।
প্রধানমন্ত্রী বলেন, যেখানে যাবেন খালি চাকরির জন্য চাকরি করা নয়, জনসেবা করা, দেশসেবা করা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা একথাটা মনে রাখতে হবে। শুধু চাকরি করার জন্য চাকরি করা নয়, কর্তব্যবোধ, দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা এবং তাদের প্রতি দায়িত্ববোধ- এই চিন্তাটা সব সময় মাথায় থাকলে দেশটাকে সুন্দরভাবে গড়ে গড়ে তোলা যায়।
বক্তব্য শেষে ১১০তম, ১১১তম এবং ১১২তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।