আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সোনাপুর ইউপির চরবগা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের ছলিম উল্যাহ ছেলে মো. বাহার, একই এলাকার আব্দুল মতিনের ছেলে মো. সুমন ও বামনী ইউপির সাইছা গ্রামের নুরুল আমিনের ছেলে রুবেল।
রায়পুর থানার ওসি তোতা মিয়া বলেন, জানতে পারি চরবগা গ্রামের খাঁ বাড়ির সড়কের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলি, একটি এলজি ও চারটি চাকু উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, আটকদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে আরেকটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।