আকাশবার্তা ডেস্ক :
স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দেয়ায় দুদক কমিশনার আটক! অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। তিনি হচ্ছেন ভুয়া দুদক কমিশনার। চাকরির তদবিরের জন্য নিজেকে কমিশনার পরিচয় দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফোন দেয়ার দায়ে এবার তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। প্রতারকের নাম মাহমুদুল হাসান সুমন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, গতকাল মঙ্গলবার মন্ত্রীকে দুদক কমিশনার পরিচয় দিয়ে ফোন করেছিলেন সুমন (প্রতারক)।
ফোন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের কাছে একজনকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়ে তদবির করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।
পরে জননিরাপত্তা বিভাগের সচিবসহ অন্যান্যদের বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর প্রতারক দুদকের কমিশনার নন- এমনটি নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়।
মাহমুদুল হাসানের কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের রিগ্যান ইনভেস্টিগেশনস’ নামে একটি সংস্থার বাংলাদেশের প্রধান ইনভেস্টিগেটর হিসেবে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে তিনি প্রাইভেট ইনভেস্টিগেটর বলেও পরিচয়পত্রে উল্লেখ করা হয়।