প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৯ জেলের কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। এদের মধ্যে কমলনগর উপজেলায় ১৪ জেলের প্রত্যেকের ১ মাস মেয়াদের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সময় রামগতিতে ৫ জেলের ১ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৯ অক্টোবর) কমলনগরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন এবং রামগতি উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুচিত্র রঞ্জন দাস ওই দন্ডাদেশ দেন। এরআগে বুধবার ভোরে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নৌ-পুলিশ।
কমলনগরের সাজাপ্রাপ্ত জেলেরা হচ্ছেন, ভোলা জেলার সদর উপজেলার মোঃ ফারুক, আনোয়ার হোসেন, মোঃ আজগর, মোঃ আলাউদ্দিন এবং কমলনগর উপজেলার মোঃ আমির হোসেন, মোঃ রিপন, মোঃ হাসান, জাহাঙ্গীর, শাহিন, হেলাল, মোঃ সুজন, আরিফ, গনি এবং মুসা কালিমুল্লাহ।
রামগতির সাজাপ্রাপ্তরা হলেন, নোয়াখালী জেলার চরজব্বর এলাকার বাসিন্দা মাও. আলী হোসেন (৩৫), মো. আবুল হোসেন (৬০), মো. আজাদ (৩৩), মো. সফি উল্যা (১৮) এবং রামগতি উপজেলার চরকলাকোপার তোফাজ্জল হোসেন (৫০)।
রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. জাহাঙ্গীর জানান, নদীতে মা ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।
প্রসঙ্গত, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১শ’ কিলোমিটার এলাকায় কোন প্রজাতির মাছ ধরা যাবেনা।