
চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে পয়ঃনিস্কাশনে ড্রেনের আবর্জনা অপসারণের কাজ তদারকি করছেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।
নিজস্ব প্রতিবেদক :
একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিচ্ছেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। সব সময় শ্রমিকদের সাথে নিজে স্বশরীরে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে পছন্দ করেন। ইউনিয়নের গ্রামীণ রাস্তা-ঘাটের সংস্কার ও উন্নয়ন, মাটি ভরাট, পুকুরের কচুরীপানা পরিস্কার করণ, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা অনুযায়ী উন্নয়ন, বাজার পরিস্কার পরিচ্ছন্নতা, যানজট নিরসনসহ সার্বিক কাজ নিজেই তদারকি করেন জনপ্রিয় এই চেয়ারম্যান।
সোমবার (১০ এপ্রিল) কাক ডাকা ভোর থেকে চন্দ্রগঞ্জ বাজারের পয়ঃনিস্কাশনের জন্য ড্রেনে জমে থাকা দীর্ঘদিনের ময়লা আবর্জনা অপসারণের কাজ শুরু করেন। চেয়ারম্যান নিজে উপস্থিত থাকার কারণে শ্রমিকরাও কাজ করেন অনেকটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। পশ্চিম বাজারের আফজল রোড থেকে সোনালী ব্যাংকের সামনে পর্যন্ত ড্রেনের আবর্জনা পরিস্কার করে সাথে সাথে তা মিনি পিকআপ গাড়ির মাধ্যমে নির্দিষ্টস্থানে নিয়ে ফেলা হচ্ছে। এতে ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে চন্দ্রগঞ্জ বাজারে মহাসড়কে যানজট নিরসনে সিএনজি, হিউম্যান হলার (ম্যাক্সি) এবং যাত্রীবাহী বাস স্টপিজ করার জন্য স্থান পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। বাজারের প্রবেশ মুখে প্রতিনিয়ত যানজট লেগে থাকার কারণে চেয়ারম্যান স্ব-উদ্যোগে এই ব্যবস্থা নেন। এতে বাজারের অভ্যন্তরে যানজট নিরসনসহ জনদুর্ভোগ কমেছে বলে মনে করেন সচেতন মহল।
চেয়ারম্যানকে জনবান্ধব এই কাজে সহযোগিতা করছেন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কাজেও কিছু ভূমিদস্যু বাধার সৃষ্টি করছে। সরকারি জায়গা এবং ড্রেন দখল করে যারা দোকানঘরের মালিক হয়েছেন তারা প্রতি পদে পদে বাধার সৃষ্টি করছে। ভূমিদস্যুদের কবল থেকে সরকারি জায়গা উদ্ধারে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন, চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।