আকাশবার্তা ডেস্ক :
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে রাশিয়া বাধা হিসেবে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, রাশিয়ান ফেডারেশনের চাপ পেলে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সোভিয়েত/রাশিয়ায় গ্রাজুয়েটদের পঞ্চম এশিয়ান কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ও রাশিয়ান ফেডারেশনকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশকে সহযোগিতা আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর আমাদের দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ছিলো ৮ দশমিক ১৫ শতাংশ। জিডিপির অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে শীর্ষে ছিল। শুধু জিডিপির অগ্রগতি নয় আমরা দারিদ্র্য দূরীকরণেও উল্লেখযোগ্য উন্নয়ন করেছি।
তিনি সোভিয়েত রাশিয়ার গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, রাশিয়া এবং রাশিয়ান ফেডারেশনকে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করতে বলুন। আমি আপনাদের অনুরোধ করবো আপনার বন্ধুদের বলুন, বাংলাদেশ এখন অর্থনৈতিক অগ্রগতি বিস্ময়। এখানে বিনিয়োগ করলে উভয়পক্ষই লাভবান হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগনাতভ।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব) সভাপতি ইঞ্জিনিয়ার তাসকিন এ খান, শুভেচ্ছা বক্তব্য দেন ইঞ্জিনিয়ার এস এ এম আজাদ হোসেন, অধ্যাপক শংকর বসু, নেপালের ইং আর ধ্রুবা মাহারজান, মঙ্গোলিয়ার টিসোগজোলমা ডোরজপালাম প্রমুখ।
জানা গেছে, সম্মেলনে সোভিয়েত ও রাশিয়ান চারশতাধিক গ্রাজুয়েট অংশ নেবেন। আগের চারটি সম্মেলন নেপাল, চীন, ভিয়েতনাম ও মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।