আকাশবার্তা ডেস্ক :
আজ শনিবার (১১ জানুয়ারি) সারাদেশে শিশুদের ভিটামিন-‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
শনিবার ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সের প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তবে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারির পরিবর্তে ২৫ জানুয়ারি উদযাপন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত আরো ২০ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।
ভ্রাম্যমাণ কেন্দ্রগুলোর উদ্যোগে বিভিন্ন রেলস্টেশন, বাস স্টেশন, লঞ্চঘাট, ফেরিঘাট, বঙ্গবন্ধু সেতু, দাউদকান্দি ও মেঘনা সেতু ইত্যাদি স্থানে শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাসের শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাসের শিশুকে লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পূর্বে শিশুকে অবশ্যই ভরা পেটে আনতে হবে।
সেই সাথে অসুস্থ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। প্রয়োজনে ক্যাপসুল সংগ্রহ করে রেখে শিশু সুস্থ হলে বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।