আকাশবার্তা ডেস্ক :
পাপিয়া ইস্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেছেন, শামীমা নূর পাপিয়াদের আওয়ামী লীগে দরকার নেই। এদের দল থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় আবদুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ থেকে পাপিয়াদের মতো পাপিষ্টদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এটা সব নেতাকর্মীকে মনে রাখতে হবে। সেই প্রস্তুতি নিয়ে আপনাদের এগোতে হবে। এই সংগঠনে এদের কোনো দরকার নেই।
পাংশা সরকারি কলেজ মাঠে এ কে এম শফিকুল মোর্শেদ আরুজের সভাপতিত্বে কাউন্সিলে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী এরাদত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট খোদেজা নাসরিনসহ পাংশা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে রাজধানীর বিমানবন্দর ও শেরেবাংলা নগর থানায় দায়ের করা পৃথক তিন মামলায় নরসিংদীর যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে পাঁচ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অন্যদিকে তাঁদের সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবা নূরকে বিমানবন্দর থানার জাল টাকার মামলায় পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
শনিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের সময় শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ (২৮) চারজনকে আটক করে র্যাব-১।