রিয়াজ মাহমুদ বিনু :
লক্ষ্মীপুরের রামগতিতে ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে মরণব্যাধী জলাতঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২০ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসির জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের পরিচালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ। উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবদুর রহিম, রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, আবাসিক মেডিকেল অফিসার ডা. কামলাশীষ মজুমদার, মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নজরুল ইসলাম, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় স্বাগত বক্তব্যে ডিজির প্রতিনিধি ইমরিজ করিম বলেন, জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধী। এ রোগে মৃত্যুর হার শতভাগ। দুনিয়াতে প্রতি ৯ মিনিটে ১ জন বা বছরে ৫৭ হাজার মানুষ এ রোগে মারা যায়। এটা মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। তাই সরকার কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকা কার্যক্রম গ্রহণ করেছে। ৫ দিন ব্যাপী টিকা দান কর্মসূচিতে প্রতিটি টিমে ১ জন স্থানীয় কুকুর ধরার লোক, ২ জন দক্ষ কুকুর ধরার লোক, ১ জন টিকাদানকারী, ১ জন ডাটা কালেক্টর ও ১ জন ভ্যান ড্রাইভার নিয়োজিত থাকবেন।