আকাশবার্তা ডেস্ক :
মরণঘাতী করোনাভাইরাস সম্পর্কে পুরো দেশবাসীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১২ এপ্রিল) গণভবন থেকে খুলনা এবং বরিশাল বিভাগের সব জেলার জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের শুরুতেই তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, এটি সংক্রামক। কখন সংক্রামিত হবে তা বোঝা খুব কষ্টকর। এটাই হচ্ছে এ ভাইরাস নিয়ে সবচেয়ে বড় একটি চিন্তার বিষয়।
শেখ হাসিনা বলেন, অদৃশ্য শক্তির মত করোনাভাইরাস আমাদের ভেতরে হানা দিয়েছে। এ ভাইরাস শুধু একটি দেশ নয়, পৃথিবীর প্রতিটি দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে। এক লাখ তিন হাজারের মতো মানুষ ইতোমধ্যে মারা গেছেন এবং লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন।
বিভিন্ন উন্নত দেশ এটা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। করোনাভাইরাসের কারণে এই পর্যন্ত যারা মারা গেছেন তাদের প্রতি ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।