আকাশবার্তা ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ৭৪৬ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৪০ জনে।
এদিকে ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন ও চট্টগ্রাম বিভাগে মারা যান আরও ১৩ জন। আর বাকিরা যথাক্রমে রংপুরে দুজন, সিলেটে একজন ও খুলনা বিভাগে একজন মারা গেছেন।
বুধবার (৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৪৭০ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫৯০ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের বিশ্লেষণ তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, মৃত ৩৭ জনের মধ্যে ২৮ পুরুষ এবং নয়জন নারী।
এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে মারা গেছেন পাঁচজন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।
এদিকে মঙ্গলবার (২ জুন) রাত পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩৩৫৭ জনের দেহে। এদের মধ্যে ৭৭ জন মারা যাওয়ার পাশাপাশি সুস্থ হয়েছেন ২৪২ জন।