রবিবার ১৫ই মার্চ, ২০২৬ ইং ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এক কোটি বৃক্ষরোপণ করবে আ.লীগ

আকাশবার্তা ডেস্ক :

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ শুরু করেছে আওয়ামী লীগ।

সারা দেশে কমপক্ষে এক কোটি বৃক্ষরোপণের টার্গেট নিয়েছেন দলের সিনিয়র নেতারা। যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে।

গত ১ আষাঢ় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ মাসব্যাপী (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের প্রত্যেক নেতাকর্মীকে ৩টি (বনজ, ঔষধি ও ফলদ) করে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন।

দলীয় প্রধানের নির্দেশনার পর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। করোনা ভাইরাসের কারণে সারা দেশে যাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কর্মসূচি বাস্তবায়ন করা হয়, সেজন্য কয়েকজন সিনিয়র নেতাকে মনিটরিং করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা প্রতিপালন ও বাস্তবায়নের কৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা করেন দলটির কেন্দ্রীয় নেতারা। আলোচনা শেষে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সভাপতির নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়।

এসময় কেন্দ্রীয় নেতারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, কার্যনির্বাহী সংসদের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সাথে সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

অনির্ধারিত ওই সভায় সামপ্রতিক সময়ে মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং করোনা আক্রান্ত হয়ে সারা দেশে মৃত সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

এ বিষয়ে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটিবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা এক কোটি গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, ২০১৮ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগ তার নির্বাচনি ইশতেহারে পরিবেশ ও জলবায়ুর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সারা দেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত এমন চার কোটি লোককে সম্পৃক্ত করতে কাজ করেছি।

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের নির্দেশনা
প্রধানমন্ত্রী ও দলীয়প্রধান শেখ হাসিনা এবং কেন্দ্রের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অধিন ৭৫টি ওয়ার্ড ও দক্ষিণের ২৪টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকদের টেলিফোনে বৃক্ষরোপণের নির্দেশনা দেয়া হয়েছে।

একইসাথে এ বিষয়টি মনিটরিং করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর। রাজধানীর প্রতিটি বাড়ির ছাদেও ফলদ-বনজ ও ঔষধি গাছ লাগানোর নির্দেশনা দেন মহানগর নেতারা।

গতকাল বুধবার এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

তিনি বলেন, আমি নিজেও বৃক্ষরোপণপ্রিয় একজন মানুষ। এরইমধ্যে নিজ জন্মস্থান কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের বাড়িতে একটি খেজুর বাগান করেছি।

তিনি বলেন, সুস্থ জীবনযাপন ও কর্মপরিবেশ নিশ্চিত, জীবযাত্রার মানোন্নয়ন এবং বায়ু ও অন্যান্য পরিবেশ দূষণ হ্রাসের লক্ষ্যে বৃক্ষ রোপণের বিকল্প নেই।

প্রতিটি ইউনিটকে গাছ লাগানোর নির্দেশ যুবলীগের
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় যুবলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এক বিবৃতিতে ১৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি নেতাকর্মীদের তিনটি করে (বনজ, ফলদ ও ঔষধি) গাছ লাগানোর এবং সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন তারা।

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ইতোমধ্যে সারা দেশের নেতাকর্মীরা নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপণ কর্মসূচি পালন শুরু করেছেন। এ কর্মসূচি ৩ মাস অব্যাহত থাকবে।

সারা দেশে গাছ লাগাবে শ্রমিকলীগ
আওয়ামী লীগ সভাপতির নির্দেশনায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় শ্রমিকলীগ। গত সোমবার রাজধানীর বাড্ডায় আনন্দনগর উচ্চ বিদ্যালয় থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক কে এম আযম খসরু।

আগামী প্রজন্মের জন্য সবুজায়ন দেশ গড়তে গত ৩ দিনে রাজধানীসহ সারা দেশে ২ লাখ গাছ রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক কে এম আযম খসরু। তিনি আরও বলেন, চলতি মাসে কমপক্ষে ৫ লাখ গাছ রোপণ করবে শ্রমিকলীগ।

স্বেচ্ছাসেবকলীগ
গত ১৫ জুন সোমবার কলাবাগান ক্লাব মাঠে স্বেচ্ছাসেবক লীগের সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এসময় সংগঠনের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

১৫, ১৬ ও ১৭ জুন সারা দেশে স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতাকর্মীকে কমপক্ষে তিনটি করে চারা রোপণের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় নেতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১