আইন আদালত ডেস্ক :
ফৌজদারি মামলার পর এবার নিম্ন আদালতে দেওয়ানি মামলার কার্যক্রমও ভার্চুয়াল কোর্টে চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে এভাবে চলবে ভার্চুয়াল দেওয়ানি ও ফৌজদারি আদালত চলবে।
বুধবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো.আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন যে, স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে অধস্তন দেওয়ানি আদালতের সংশ্লিষ্ট সেরেস্তায় মোকদ্দমা ও আপিল দায়ের করা যাবে।
সংশ্লিষ্ট দেওয়ানি আদালতকে নিজ নিজ সেরেস্তায় শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করার জন্য মোকাদ্দমা ও আপিল দায়ের বা গ্রহণের পদ্ধতি নির্ধারণ করে দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
নির্দেশনায় বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলো ‘অতি জরুরি’ বিষয়গুলো ছাড়া শারীরিক উপস্থিতি এড়িয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে আবেদনের নিষ্পত্তি করবে।
তবে এটা যে মহামারীর মধ্যে একটা সাময়িক ব্যবস্থা, সে কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির উন্নতি হওয়া মাত্র পূর্ব প্রচলিত পদ্ধতি অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হবে।