আকাশবার্তা ডেস্ক :
অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৭ আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে গতকাল তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে র্যাব। আদালত বুধবার (১২ আগস্ট) রিমান্ড শুনানির দিন রাখেন।
গত ৩১ জুলাই খুন হওয়া মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস (৪২) বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন।
এতে চাকরি থেকে বরখাস্ত হওয়া প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ ৯ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশিচৌকিতে গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)।