আকাশবার্তা ডেস্ক :
আদালতে ধষর্ণের লোমহর্ষক জবানবন্দি দিয়েছে ১২ বছরের ধর্ষিতা শিশু। সোমবার সিলেটের বিয়ানীবাজার আদালতের বিচারক ফারজানা সুমু ওই কিশোরীর জবানবন্দি রেকর্ড করেন। এসময় ওই কিশোরী আদালতকে জানায়, নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে সারোয়ার নামে লন্ডন প্রবাসী এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। সে বলে, ‘ডর দেখাইয়া তাইন আমারে ১৭ দিন ধর্ষণ করছইন’।
এদিকে এ ঘটনায় থানায় কিশোরীর পিতা বাদী হয়ে ধর্ষণকারী সারোয়ার আহমদকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।
তিনি জানান, সিলেটের বিয়ানীবাজার আদালতের বিচারক ফারজানা সুমু ওই শিশু জবানবন্দি রেকর্ড করেছেন। আদালতকে শিশুটি জানিয়েছে, সারোয়ার তাকে নানা ভয়ভীতি দেখিয়ে ১৭ দিন আটকে রেখে বিভিন্ন সময় ধর্ষণ করেছে। এমনকি তার মা-বাবার ওপর ধর্ষক সারোয়ারের নির্যাতনের কথাও সে আদালতকে অকপটে জানায়।
মামলার তদন্ত কর্মকর্তা বিয়ানীবাজার থানার এসআই মোখলেছুর রহমান জানান, ১৭ দিন আটকে রেখে বহুবার শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। প্রতিদিন ২-৩বার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতেন লন্ডন প্রবাসী সারোয়ার ।
তিনি জানান, শিশুটি বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে ভর্তি রয়েছে।




























