আকাশবার্তা ডেস্ক :
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মাদক মামলায় ইরফান সেলিমকে সাজা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র কাউন্সিলর ইরফান সেলিমের বিরুদ্ধে যেসব আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো করা হবে। ইতিমধ্যে মাদক মামলায় ইরফান সেলিমকে সাজা দেয়া হয়েছে।
অবৈধ অস্ত্র, মাদক, ইলেকট্রিক ডিভাইসসহ বিভিন্ন মালামাল পাওয়া যায় তার বাসায়। এসব বিষয়েও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এটি একটি সমসাময়িক প্রক্রিয়া। সরকার আইন পরিপন্থী যেকোনও কাজের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করে। তাই তাদের বিরুদ্ধে ও যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া প্রসঙ্গে র্যাব ডিজি বলেন, ধর্ষণের ঘটনা সংগঠিত হয়েছে কিন্তু আসামিদের গ্রেপ্তার করা হয়নি এমন ঘটনা আমরা পাইনি। এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। ধর্ষকের বিরুদ্ধে যে সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থা নিয়েছি।
তাদের প্রত্যেকেরই আইনানুযায়ী বিচার হবে। ধর্ষণ রোধে আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব, পুলিশ ও প্রশাসন সকলেই আমরা একযোগে কাজ করছি। বিভিন্ন সময়ে নানা ধরনের অপরাধ বাড়ে। তাই অপরাধ বাড়লেই যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ধর্ষণকারীরা কেউই ছাড় পাবে না।
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় র্যাব সদর দফতরের এডিজি এডমিন মোঃ ইমতিয়াজ আহমেদ (বিপিএম), র্যাব-৮ বরিশাল এর সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৮ তাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার সাইদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।