আকাশবার্তা ডেস্ক :
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দা উঁচিয়ে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।
র্যাব-৯ এর এএসপি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছুক্ষণ আগে মহসিন তালুকদারকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখন সিলেটে নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানাবো।
এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar’ থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন মহসিন।
পরে ওইদিন সকালে আরেকবার লাইভে এসে দুঃখপ্রকাশ করে সাকিবকে কালিপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিনের বাড়ি ঘেরাও করে র্যাব ও পুলিশ। তখন তাকে পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনায় সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ।