আকাশবার্তা ডেস্ক :
নারায়ণগঞ্জে কান্নাকাটি করায় ২৯ দিন বয়সী নিজের সন্তানকে খাটের ওপর আছাড় মেরে হত্যা করেছে এক পাষণ্ড বাবা।
শনিবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও বড় মসজিদ এলাকায় মায়ের কোল থেকে নিয়ে হত্যা করে।
নিহত শিশু মীম উপজেলার মাছিমপুর হাউলিপাড়া এলাকার বাবুল ওরফে শহিদুল্লাহর ছেলে কামাল হোসেনের মেয়ে।
কামাল হোসেন মেয়ে জন্ম হওয়ায় ক্ষুব্ধ ছিলেন উল্লেখ করে শিশুটির মা খাদিজা বেগম গণমাধ্যমকে জানান, বিয়ের পর থেকে তার স্বামী কামাল হোসেন কোনো কাজ কর্ম করে না। তবে মাঝে মাঝে একটি রেস্তোরাঁয় অস্থায়ীভাবে কাজ করেন কামাল।
মীম জন্মের আগে থেকে কামাল ছেলে সন্তানের প্রত্যাশা করেছিল। মেয়ে সন্তান জন্ম নেয়ার পর থেকে কামাল তার ওপর নির্যাতন করে আসছিল।
শনিবার ভোরে শিশু মীম তার মা খাদিজার কোলে কাঁদছিল। এসময় কামাল এ কান্নার শব্দে তার সঙ্গে রাগারাগি শুরু করেন। এক পর্যায়ে কামাল ক্ষিপ্ত হয়ে শিশু মীমকে তার কোল নিয়ে ছিনিয়ে নিয়ে খাটে আছড়ে হত্যা করে পালিয়ে যান।
রূপগঞ্জ থানার ভুলতা ফাড়ির পরিদর্শক আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, হত্যার খবরে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।