শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ফিরে দেখা ২০২০ : করোনায় বিপর্যস্ত আদালত, বসেছিল ছাগলের হাট!

আইন আদালত ডেস্ক :

চলে যাচ্ছে ২০২০। করোনাভাইরাসের থাবায় বছরটি ছিলো বিপর্যস্ত। গেল বছরের তুলনায় এবার আইন আদালতে উত্তাপও কিছুটা কম ছিলো। তবে ঘটেছে বেশ কিছু আলোচিত ঘটনা। সেই ঘটনা নিয়ে দেশজুড়ে হয়েছে আলোচনা-সমালোচনা। 

করোনার কারণে বছরের প্রায় অর্ধেক সময় ধরেই বন্ধ ছিলো বিচারাঙ্গন। তারপরেও উচ্চ আদালতের দিকে খেয়াল ছিলো দেশবাসির। আদালত থেকে কখন কি আদেশ বা নির্দেশ আসে সে বিষয়েও সজাগ দৃষ্টি রেখেছিলো সবাই। 

তবে এ বছর ঘটে যাওয়া আলোচিত ঘটনার মধ্যে প্রথম সারিতে ছিলো দেশের ইতিহাসে প্রথমবারের মত অধ্যাদেশ জারি করে ভার্চুয়াল আদালত চালু। আবার ভার্চুয়াল কোর্টের বিরোধিতা করে জেলায় জেলায় আইনজীবীরা করেছেন বিক্ষোভ মানববন্ধন। 

উচ্চ আদালতের দুর্নীতি রুখতে সোচ্চার ছিলো সুপ্রিমকোর্ট প্রশাসন। কোর্টের ভেতরেই অভিযান পরিচালনা করেছেন, আটকও করেছেন ৪৩ জনকে। করোনায় আইনজীবী, বিচারক ও অ্যাটর্নিকে হারিয়ে যেমন বিচারবিভাগের জন্য দুঃখ বয়ে এনেছে, ঠিক তেমনি মধ্যরাতে কোর্ট বসিয়ে বঞ্চিত শিশুর অধিকার ফিরিয়ে দিয়ে এনেছে আনন্দ ও তৃপ্তি। 

এছাড়া দুই শিশুর লাশ নিয়ে হাইকোর্টে বিচার চাইতে এসেছে বাবা। আবার বিদেশে বসে আগাম জামিন চেয়ে দুই ভাই দিয়েছেন জরিমানা। 

২০২০ সালে কি ঘটেনি উচ্চ আদালতে। বসেছে ছাগলের হাট, জালিয়াতি করে নিয়েছেন জামিন। এমনকি টিভিতে সংবাদ দেখেও ৪ শিশুর জামিন দিয়েছেন হাইকোর্ট। নিয়োগ পেয়েছে নতুন অ্যাটর্নি আবার ক্ষোভে পদত্যাগ করেছেন দুই অতিরিক্ত অ্যাটর্নি। করোনার সংক্রমণ উপেক্ষা করেও শতাধিক নেতা নিয়ে এমপি এসেছেন জামিন নিতে। জামিন পেয়েছেন হুমকিও দিয়েছেন। সব মিলিয়ে অর্ধবছর আদালত চললেও বিচারাঙ্গনে উত্তাপ ছিলো দেখার মত। 

২০২০ সালের বিদায় লগ্নে উচ্চ আদালতে ঘটে যাওয়া ঘটনাবলী ফিরে দেখা যাক- 

করোনার আঘাতে থমকে যায় বিচারবিভাগ : 

করোনা প্রাদুর্ভাবের কারণে গত ১২ মার্চ থেকে দেশের সর্বোচ্চ আদালতসহ সারাদেশের আদালতে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে করোনাঝুঁকির মধ্যে গত ১২ আগস্ট থেকে ফের আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়। 

অধ্যাদেশ জারি করে ভার্চুয়াল কোর্ট চালু : 

দেশে করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় মামলাজট বাড়তে থাকে। ফলে বিচারকাজ স্বাভাবিক ও বিচারবিভাগকে সচল রাখতে ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশ জারি করে সরকার। ফলে তখন থেকেই তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ভিডিও কানফারেন্সের মাধ্যমে বিচার কাজ পরিচালনা হচ্ছে।

গত ০৯ মে রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ নামের ওই অধ্যাদেশ জারি করা হয়। মূলত তখন থেকেই দেশে প্রথমবারের মত অনলাইন আদালত কার্যক্রম চলছে। প্রথমে উচ্চ আদালত ও পরে নিম্ন আদালত এই প্রক্রিয়া কার্যকর করে। 

দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে বাবা : 

দুই যমজ নবজাতকের চিকিৎসার জন্য পাঁচ ঘণ্টায় তিনটি হাসপাতাল ঘুরেও ভর্তি করাতে না পেরে নবজাতকদ্বয় মৃত্যুবরণ করায় বিচার চাইতে বাবা তাদের নিয়ে ছুটে আসেন হাইকোর্টে। অ্যাম্বুল্যান্সে নবজাতকের মরদেহ নিয়ে হাইকোর্ট চত্বরে মিনিট ১৫ অবস্থান করে। পরে ঘটনা জেনে দুই বিচারপতির হাইকোর্ট বেঞ্চ ওই তিন হাসপাতালের প্রতি শিশু দুটিকে ভর্তি না করার কারণ ব্যাখ্যার আদেশ দেন। আদেশের কপি পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল এবং মুগদা ইসলামি ব্যাংক হাসপাতালের পরিচালকদের ৪৮ ঘণ্টার মধ্যে কারণ জানাতে বলা হয়।

একই সঙ্গে শিশু দুটির চিকিৎসা অবহেলায় বিবাদিদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। 

বিদেশ থেকে হাইকোর্টে জামিন আবেদন ইতিহাসে নজিরবিহীন :

আসামি থাইল্যাান্ড,আইনজীবী লন্ডন, আদালত শাহবাগ। নজিরবিহীনভাবে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে হত্যাচেষ্টার মামলায় বিদেশ থেকে সিকদার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন। নির্বিঘ্নে দেশে ফিরতে জামিন আবেদনও করেছিলেন তারা। 

ব্যাংককে অবস্থান করে জামিন আবেদন করায় দুই ভাইকে জামিন দেননি হাইকোর্ট। বরং আদালতের সময় নষ্ট করায় ১০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) জরিমানা করেন আদালত। প্রধানমন্ত্রীর তহবিলে এসব পিপিই জমা দিতে বলা হয়। ভার্চুয়াল শুনানি নিয়ে গত ২০ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ দেন। সেই আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে।

সুপ্রিম কোর্টে বসলো ছাগলের হাট : 

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে ছাগল বিক্রির ঘটনা ঘটে। ছাগল বিক্রির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নজরে আসে সুপ্রিম কোর্ট প্রশাসনের। নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে ছাগলের হাট বাসানোই তুমুল সমালোচনার জন্ম নেয়। সেইসাথে  সুপ্রিমকোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের শোকজ করে প্রশাসন। 

গত ১৪ অক্টোবর দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। তিন ব্যক্তি তিনটি ছাগল নিয়ে আসে। এতে ছাগলের দাম হাঁকান ২৬ হাজার টাকা। এদিকে ছাগল বিক্রির উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে ঢুকলেও তারা বেশিক্ষণ কোর্ট প্রাঙ্গণে দাঁড়াতে পারেনি। ছাগলকাণ্ডে সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। 

তারা বলছেন, যেখানে আইডি কার্ড চেক করে আইনজীবীদের ঢুকতে দেয়া হয়, সেখানে ছাগল নিয়ে কীভাবে ঢুকল; সেটিই এখন বড় প্রশ্ন। 

২ শিশুর অধিকার ফেরাতে মধ্যরাতে বসলো হাইকোর্ট :

পৈত্রিক নিবাসে ঢুকতে না দেওয়ার ঘটনায় সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাতিকে বাড়িতে ফিরিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ অক্টোবর মধ্যরাতে এক নজিরবিহীন আদেশ দেন হাইকোর্ট। এদিন দিবাগত রাত প্রায় ১ টায় একটি বেসরকারি টিভির টক শোতে আলোচনার পর ধানমন্ডি থানার ওসিকে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন আদালত। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদেশে ওই দুই শিশুর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে তাদের বাসায় দিয়ে আসতে ধানমণ্ডি থানার ওসিকে নির্দেশ দেয়া হয়। সেই সাথে এই আদেশ বাস্তবায়ন করে পরদিন সকাল ১০টায় হাইকোর্টে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখায় অভিযান, আটক ৪৩ :

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখায় অভিযান চালিয়ে ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়। গত ১৬ আগষ্ট দুপুরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে সর্তক করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।

টিভিতে সংবাদ দেখে ৪ শিশুর জামিন দিলো হাইকোর্ট :

একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ৯ অক্টোবর রাতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ৪ শিশুর জামিন নিষ্পত্তির আদেশ দিয়েছিলেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এদিন রাত ৯টায় এই আদেশ দেন। বরিশালের বাকেরগঞ্জে চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই চার শিশু ও তাদের পরিবারকে কঠোর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের সেই আদেশের পর বরিশালের শিশু আদালতের বিচারককে ওই চার শিশুর জামিন নিষ্পত্তির বিষয়েও আদেশ দেওয়া হয়েছিল। আদেশ অবগত হওয়ার পর বরিশালের শিশু আদালতের বিচারক তৎক্ষণাৎ ওই চার শিশুর জামিন মঞ্জুর করেন। 

করোনায় প্রাণ হারায় শতাধিক আইনজীবী ও বিচারক : 

সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালতের ১১৫ জন বিচারক গত ৮ মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন। এদের মধ্যে ২ জন মারা যান। সারাদেশে এক হাজার আইনজীবীর শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। এর মধ্যে প্রায় ১০৬ জন আইনজীবী মারা গেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৪৮ সদস্য মৃত্যুবরণ করেন। 

এদিকে বিভিন্ন আদালতের ৩৪৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২২ জন। সম্প্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিব নরেন দাস এবং আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাংক শেখর সরকার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেলের মৃত্যু :

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দায়িত্বে থাকা মাহবুবে আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এর আগে গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হয়েছিলেন মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়। 

করোনাভাইরাস সংক্রমণমুক্ত হলেও সুস্থ হয়ে আর ফিরতে পারননি রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। পরে থাকে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। 

নজিরবিহীনভাবে দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ : 

রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় গত ৮ অক্টোবর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দেয় সরকার। এরপর ক্ষোভে সুপ্রিমকোর্টের দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। তারা দুজনেই নিজ নিজ পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে জমা দিয়ে পদ থেকে সরে দাঁড়ান। ব্যক্তিগত কারণ দেখিয়ে মোমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা পদত্যাগ করেছেন বলে পরে তারা গণমাধ্যমকে জানান। 

গোপনে হাইকোর্ট থেকে জিকে শামীমের জামিন :

যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামীমকে অস্ত্র মামলায় ছয় মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। অত্যন্ত গোপনীয়তায় গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি। পরে তথ্য গোপন করে অস্ত্র মামলায় নেওয়া ৬ মাসের জামিন বাতিল (রিকল)করেন হাইকোর্ট। 

এদিকে গত ৮ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের পৃথক দু’টি বেঞ্চ থেকে ৪ ও ৬ ফেব্রুয়ারি দুই মামলায় শামীমের জামিন হয়। অস্ত্র মামলায় তাকে ৬ মাস এবং মাদক মামলায় এক বছরের জামিন দেওয়া হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি রেজাউল হক ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ ওই দুই মামলায় তাকে জামিন দেন।ফাইল ছবি

ধরা পড়লো বিচার বিভাগের ইতিহাসে শীর্ষ জালিয়াতির ঘটনা :

একটি পিস্তল ও গুলিসহ ২০১৮ সালে গ্রেপ্তার হয়েছিল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়ার নিজাম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার। পরে ওই মামলায় একমাত্র আসামি সাত্তারকে ১৭ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। এরপর কারাগারে থেকেই সে এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানায়। সেই আবেদনের শুনানি নিয়ে আসামি সাত্তারকে জামিন দেন হাইকোর্ট। পরবর্তীতে আদালতের কাছে প্রতীয়মান হয়, এই অস্ত্র মামলার এজাহার, তদন্ত প্রতিবেদন, জব্দ তালিকা ও রায় পরিবর্তন করে জামিন চাওয়া হয়েছে। অর্থাৎ বিচারিক আদালতের সংশ্লিষ্ট সব নথি পাল্টে ফেলা হয়েছে। পাশাপাশি এ অস্ত্র মামলায় আব্দুস সাত্তার একমাত্র আসামি হওয়া সত্ত্বেও জাল নথিতে তাকে দুই নম্বর আসামি দেখানো হয়েছে। আর মামলার এক নম্বর আসামি দেখানো হয়েছে আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে। তবে জালিয়াত চক্র এখানেই থেমে যায়নি। মামলায় সাত্তারের কাছ থেকে অস্ত্র (পিস্তল) উদ্ধার করা হলেও জাল নথিতে চায়নিজ কুড়াল উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় সাক্ষীদের দেওয়া প্রতিটি জবানবন্দিও পরিবর্তন করেছে হাইকোর্টে জামিন চাইতে আসা জালিয়াত চক্র। পরে হাইকোর্ট ওই জামিন বাতিল করায় আসামি কারাগার থেকে বের হতে পারেনি।

১০ জামিন জালিয়াতি নিয়ে হাইকোর্টের বিস্ময় :

উচ্চ আদালতে সকল প্রকার অনিয়ম রোধে সুপ্রিম কোর্ট প্রশাসনের কঠোর অবস্থানের পরও থামেনি অনিয়ম। গেলো সেপ্টেম্বর মাসে অন্তত পাঁচ ও অক্টোবর মাসে দুই ও চলতি বছরে মোট ১০টি জামিন জালিয়াতি ধরা পড়ার পর বিষয়টি আবার নতুন করে আলোচনায় উঠে আসে। এ বিষয়ে হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেন। 

হাইকোর্ট বলেন, জামিন জালিয়াতি চক্র নথি জাল করে কত জামিন আদেশ হাসিল করে কে জানে? হয়ত আমরা সবগুলো ধরতে পারি না। কিন্তু নথি সৃজন করে এরকম জামিন জালিয়াতি তো হচ্ছে।

হাইকোর্টের বেঞ্চের বিরুদ্ধে বারের অভিযোগ :

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে অভিযোগ করে হাইকোর্টের একটি বেঞ্চের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে চিঠি দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। এক বিচারকের ছেলেকে সরাসারি হাইকোর্টে প্রাক্টিসের সুযোগ দিয়ে বার কাউন্সিলের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানির সময় রিটকারী আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের এ অভিযোগ ওঠে। আইনের শাসন বজায় রাখার স্বার্থে বার ও বেঞ্চের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি না হয়’ সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন বার নেতারা।

শতাধিক নেতাকর্মীসহ হাইকোর্টে এমপি নিক্সন : 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে তিনি আগাম জামিন নিতে আদালতে আসেন। এ সময় তার সঙ্গে আদালতে শতাধিক অনুসারি ও সমর্থকও হাজির হন। পরে দুপুরে তাকে শর্তসাপেক্ষে ৮ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

আইনজীবীদের কালো কোট-গাউন না পরার নির্দেশ : 

করোনাকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কিংবা শারীরিক উপস্থিতিতে মামলার শুনানিতে বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট ও গাউন ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা জারি করেছিলো সুপ্রিম কোর্ট প্রশাসন।

১১ আগস্ট রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিলো। পরে ১৭ নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক করা হয়েছে। 

খালাস চেয়ে হাইকোর্টে মিন্নির আবেদন :

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। ৬ অক্টোবর মিন্নির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম এ আবেদন করেন। 

এর আগে মিন্নির স্বাক্ষর করা ওকালতনামা ও মামলার রায়ের সইমোহরকৃত কপি নিয়ে গত ৪ অক্টোবর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর রায়ের কপি নিয়ে হাইকোর্টে আইনজীবী জেডআই খান পান্নার কক্ষে আসেন। এদিন সকালে মিন্নিসহ ছয় আসামির ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পৌঁছায়। 

হাইকোর্টে ১৮ বিচারক নিয়োগ :

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগ দেন। গত ৮ জুন নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। পরে ৩০ মে বিকেল ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮ বিচারপতিকে তাদের শপথ পাঠ করান।

বিদেশে অর্থপাচারকারীদের তথ্য চায় হাইকোর্ট : 

বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িতদের যাবতীয় তথ্য অর্থাৎ দেশের বাইরে অর্থপাচারে সম্পৃক্তদের নাম, ঠিকানা, অর্থের পরিমাণ এবং পাচারের অর্থে বাড়ি তৈরির তথ্য চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অর্থ পাচারে সম্পৃক্ত ‘দুর্বৃত্ত ও এজেন্টদের’ দেশ থেকে অর্থপাচার থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিদেশে অর্থপাচারীদের জাতীয় বেঈমান বলেও আখ্যা দিয়েছেন আদালত। 

তথ্য সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮