আকাশবার্তা ডেস্ক :
গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাসের টিকা নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে সত্যি সত্যি টিকা নিয়েও ক্যামেরাম্যানদের কথা রাখতে গিয়ে ফেঁসে গেলেন তিনি!
শনিবার (১৩ মার্চ) আ ক ম মোজাম্মেল হকের টিকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, টিকা নিয়ে অভিনয় করছেন তিনি। ভিডিওটি নেট দুনিয়ায় আসার পর তুমুল ভাইরাল হয়। তবে মন্ত্রী দাবি করেছেন, তিনি টিকা নিয়েছেন।
এদিকে শনিবার বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মন্ত্রীর একটি ব্যাখ্যা সম্বলিত সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয় ক্লিনিক ভবনে করোনা টিকা গ্রহণ করেন। সাংবাদিকরা সে সময় ছবি ও ভিডিও সংগ্রহ করেন। তবে টিকা দেওয়ার কক্ষে স্থান সংকুলান না হওয়ায় উপস্থিত সাংবাদিকরা কেউ কেউ ছবি ও ভিডিও ফুটেজ নিতে পারেননি। পরে ক্যামেরাম্যানদের অনুরোধ রাখতে মন্ত্রী টিকা নেওয়ার অভিনয় করেন।
বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর টিকা নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি সঠিক নয়, এটি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও এডিট করে মন্ত্রী টিকা নেননি বলে যে অপপ্রচার চালানো হচ্ছে তা স্বাধীনতাবিরোধী কুচক্রী মহলের মুক্তিযুদ্ধমন্ত্রী তথা সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অংশ। এই বিজ্ঞপ্তিতে ভিডিও সম্পাদন করে এ ধরনের মিথ্যা অপপ্রচার যারা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয়ের ক্লিনিকে এসে করোনার টিকা গ্রহণ করেন। ক্লিনিকের সিভিল সার্জনের রুমে বসে টিকা নেন তিনি। স্বাস্থ্য সচিব আবদুল মান্নান ও সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন এসময় মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী টিকা নিয়ে বেরিয়ে এসে উপস্থিত সাংবাদিকদের প্রতিক্রিয়াও দেন। কিন্তু কয়েকটি চ্যানেলের সাংবাদিক ও ক্যামেরাম্যান মন্ত্রীর টিকা গ্রহণের ছবি না পাওয়ায় তারা টিকা গ্রহণের পোজ দেওয়ার অনুরোধ করেন। সাংবাদিকদের অনুরোধে মন্ত্রী আবারও টিকা গ্রহণের অভিনয় করেন এবং এতে বিপাকে পড়েন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোজ দেওয়ার ছবিটি পোস্ট করে বলা হচ্ছে- মন্ত্রী করোনার টিকা গ্রহণ করেননি। অভিনয় করেছেন মাত্র।
সেদিন সচিবালয়ে টিকা গ্রহণের পর অনুভূতি জানতে চাইলে হাসতে হাসতে মন্ত্রী গণমাধ্যমকে বলেছিলেন, ‘খুবই স্বাভাবিক, মনেই হয়নি যে টিকা নিলাম। বুঝতেই পারিনি কখন টিকা পুশ করেছে। পরে সেবিকা বলল যে, টিকা পুশ করা হয়ে গেছে। কোনোরকম খারাপ কিছু মনে হওয়া বা ব্যথা পাওয়া এমন কিছুই নয়। অত্যন্ত সুন্দরভাবে টিকা দিয়েছে।
আমার ভ্যাকসিন নেওয়ার তারিখ আগে ছিল, জ্বরের কারণে আমি প্রথমদিন টিকা নিতে পারিনি। পরে আবার রেজিস্ট্রেশন ট্রান্সফার করে আজ টিকা নিয়ে নিলাম।
সচিবালায় ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী মন্ত্রীর টিকা গ্রহণের কথা জানান।
তিনি বলেন, মন্ত্রী টিকা নিয়েছেন৷ তার দ্বিতীয় ডোজ নেয়ারও সময় চলে এসেছে। তবে যে ভিডিওর কথা বলা হচ্ছে এটা টিকা দেয়ার পরে নেয়া। টিকা নেয়ার পর কয়েকটি সংবাদমাধ্যমের অনুরোধে মন্ত্রী পরে আবার টিকা নেয়ার পোজ দেন। এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে।
ক্লিনিকে সিনিয়র স্টাফ নার্সের দায়িত্বে থাকার স্বপ্না রাণীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ঠিক মনে নাই, তবে আমি তিনজন মন্ত্রীকে টিকা দিয়েছি। সম্ভবত তার মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রীও ছিলেন।