নিজস্ব প্রতিবেদক :
করোনার উচ্চ সংক্রমন ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের প্রথমদিনে যানজটের শহর লক্ষ্মীপুর এখন জনশূন্য হয়ে অনেকটাই ফাঁকা। জরুরী পরিষেবায় নিয়োজিত কিছু যানবাহন ও দোকান ছাড়া সরকারি বেসরকারি অফিস আদালত, বিপনী বিতান, গণপরিবহন বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত এমনই চিত্র দেখা গেছে।
এদিকে কঠোর লকডাউন কার্যকর করতে ভোর ৬টা থেকেই মাঠে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। জেলার প্রবেশদ্বার চন্দ্রগঞ্জসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি তৎপরতা দেখা গেছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে অনেককে। আবার উপর্যুক্ত কারণ জানাতে সক্ষম হলে তাদেরকে ছেড়েও দিচ্ছে পুলিশ। তবুও কিছু উৎসুক জনতা স্বাস্থ্য বিধি না মেনে অযথাই বাইরে ঘুরাঘুরিসহ কেউ কেউ আবার লকডাউন কেমন চলছে তা দেখার জন্যই রাস্তায় ঘুরাঘুরি করতে দেখা গেছে।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার ৫টি উপজেলায় ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।