আন্তর্জাতিক ডেস্ক :
মুখ্যমন্ত্রী থাকতে হলে তাঁকে জিততেই হবে। ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে অবশ্য কোনও সংশয় নেই তৃণমূল শিবিরের। চিন্তা শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে। উপনির্বাচনী প্রচারপর্বে মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়— সকলের বক্তব্যেই ফিরে ফিরে এসেছে এই ব্যবধানের প্রসঙ্গ। উপনির্বাচনে কম মানুষ ভোট দিতে আসেন, এটা জেনেই তৃণমূল এ বার জোর দিয়েছিল ‘ভোট দিতে আসুন’ ডাকে।
অবশেষে ভোট হলো, বিজয়ের আনন্দটা বাংলার মেয়ের ঘরেই। ভবানীপুরের উপনির্বাচন হেলায় জিতলেন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্য়য়। নিজেই চুরমার করলেন নিজের রেকর্ড। ৫৮ হাজার ৮৩২ ভোটে হলেন জয়ী হলেন তৃণমূল নেত্রী। ২১ রাউন্ডে তিনি এগিয়ে ছিলেন ৫৮ হাজার৩৮৯ ভোটে। এর সঙ্গে যুক্ত হয় পোস্টাল ব্যালটের ৪৪৩ টি ভোট। সব মিলিয়ে ৫৮ হাজার ৮৩২ ভোটে তৃতীয় বারের মুখ্যমন্ত্রিত্ব সুনিশ্চিত করলেন ভবানীপুরের ঘরের মেয়ে।
এর আগে নির্বাচনের ফল নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছেন, ভবানীপুরের মানুষ আমাদের ফেরাবেন না। বড় ব্যবধানে জিততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। আমি সর্বশক্তি দিয়ে লড়েছি।”