আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে দুটি বিস্ফোরকবাহী ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে এবং শনিবার ভোরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি নেতৃত্বাধীন জোটের সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
আরব নিউজের খবরে বলা হয়, আহতদের মধ্যে ছয়জন সৌদি যাত্রী এবং বিমানবন্দরের কর্মচারী, তিনজন বাংলাদেশি শ্রমিক এবং একজন সুদানী শ্রমিক ছিলেন।
ইরানি মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দে রাব্বি মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে। পরে আব্দে রাব্বি মানসুর দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে যান।
এরপর ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট। কয়েকদিন পরপরই সৌদি শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে ইরানের মিত্র হুতিরা।