আকাশবার্তা ডেস্ক :
দেশের পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে গণবিশ্ববিদ্যালয়ের আইকিউএসি মিলনায়তনে ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালিবান শীর্ষক সেমিনার শেষে এ কথা বলেন তিনি।
সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন এ সময় আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনাররাই বলছেন তারা নিজেরা ভেঙে পড়েছেন। মাহবুব তালুকদার তো সবার সামনে বলেছেন। আরেকজন বলেছেন, দেশের নির্বাচন যেভাবে হয়েছে, ইউনিয়নে যেনো সেভাবে নির্বাচন না হয়। তারা নিজেরাই বলেছেন, তারা ভেঙে পড়েছেন, তারা আর করতে পারছেন না।
প্রধান নির্বাচন কমিশনার তো কয়েকবার বলেছেন, আমি কি করবো। ভোটার আনা আমার কাজ নয়। তিনি বলেন, কোনো দেশই বলবে না যে শত ভাগ নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমেরিকা এবং ইংল্যান্ডও বলতে পারবে না সুষ্ঠু নির্বাচন হয়েছে। যদি কোনো দেশের নাগরিকরা মনে করেন ৭০ ভাগ ভোট নিজেরা নিজেদের মনোনীত জায়গায় দিতে পেরেছেন সেটাকে আমরা বলি সুষ্ঠু হয়েছে।
আমাদের দেশে যদি কোনো পার্টি হারে, তাহলে তারা বলবে যে আমাদের বিরুদ্ধে সবাই ছিল। তবে নির্বাচন কমিশন একা যে নির্বাচন সুষ্ঠু করাতে পারবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশে জুডিসিয়াল ইলেকশন কমিশনকেও সাপোর্ট করতে পারছে না এবং ইলেকশন ব্যবস্থাকে সাপোর্ট করতে পারছে না। অন্যান্য দেশে কিন্তু জুডিসিয়াল বিশাল বড় রোল প্লে করে। নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন উপহার দেওয়ার জন্য। কিন্তু নির্বাচন কমিশন এটি ব্যবহার করতে পারেনি। গত দুই নির্বাচনে ভোটাররা হতাশ হয়েছে। অবশ্যই আমাদের রাজনৈতিক প্রভাব আছেই।
সেমিনারে এ সময় সাবেক রাষ্ট্রদুত এম সিরাজুল ইসলাম, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।