বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন, লঞ্চে বাড়লো ৩৫ শতাংশ

আকাশবার্তা ডেস্ক : 

ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে ডাকা ধর্মঘটের মুখে সরকার বাস ভাড়া বাড়িয়েছে। ডিজেলচালিত দূরপাল্লার এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় সরকারের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে তিন দিন ধরে চলা ধর্মঘটের মধ্যেই রোববার সাড়ে ১১টার দিকে ঢাকার বনানীতে বিআরটিএ দপ্তরে পরিবহণ মালিকদের সঙ্গে সাড়ে পাঁচ ঘণ্টার বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার প্রেস ব্রিফিংয়ে জানান, ডিজেলের দাম বাড়ানোয় বাস ভাড়াও বাড়ানো হয়েছে। দূরপাল্লার প্রতি কিলোতে ১ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোতে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (সোমবার) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, মহানগরে বাস ভাড়া সর্বনিম্ন ৮ এবং ১০ টাকা করা হয়েছে। তবে সিএনজিচালিত কোনো গাড়ির ভাড়া বাড়বে না।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন- বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকেশ ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনসহ সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা।

এদিকে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানোয় চলমান লঞ্চ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকরা। লঞ্চ মালিক সমিতির নেতারা জানিয়েছেন, রোববার রাত ৮টা থেকে লঞ্চ চলাচল শুরু করবেন তারা।

রোববার রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

বিকেল ৩টা ৫০ মিনিটে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

বর্তমানে ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া ১ টাকা ৭০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দূরত্বে প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া হবে ২ টাকা ৩০ পয়সা।

বর্তমানে ১০০ কিলোমিটারের ঊর্ধ্বের দূরত্বে প্রতি কিলোমিটার আছে ১ টাকা ৪০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দূরত্বের প্রতি কিলোমিটার ভাড়া হবে ২ টাকা।

এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম  ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা এবং লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।

গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ওইদিন রাত ১২টা থেকেই কার্যকরের নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে। পরদিন থেকেই ক্ষোভে ফেটে পড়েন দেশের মানুষ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, রাজনৈতিক দলসহ সামাজিক সংগঠনগুলোও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।

ডিজেলের দাম বৃদ্ধি প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে সারা দেশে ধর্মঘট শুরু পরিবহণ মালিক-শ্রমিকরা। এই পরিবহণ ধর্মঘটে সারা দেশ অচল হয়ে পড়েছে। তিন দিন ধরে পরিবহণে ধর্মঘটে জিম্মি রয়েছেন সাধারণ মানুষ। শিকার হচ্ছেন সীমাহীন দুর্ভোগের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১