শিক্ষা ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবারের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিলম্বে হলেও আগামী বছর এত বিলম্ব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষা মে-জুনের মধ্যে হতে পারে।
রোববার (১৪ নভেম্বর) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ডা. দীপু মনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনা পরিস্থিত বর্তমানে স্বাভাবিক আছে। এ অবস্থায় থাকলে আগামী বছরের এসএসসি পরীক্ষা খুব বেশি বিলম্বে হবে না। আশা করছি মে-জুন নাগাদ এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। তবে আগামী বছর আমাদের ফেব্রুয়ারি মাসেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করার একটি বিষয় আছে। সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর পর থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্ব দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।