আকাশবার্তা ডেস্ক :
নোয়াখালীর বেগমগঞ্জের ভবভদ্রী থেকে বিদেশি রিভলবারসহ রুবেল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ইউনিটের সদস্যরা। বুধবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল (২৬) ভবভদ্রী গ্রামের মৃত নজির আহমেদের পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে র্যাব সদস্যরা আলাইয়ারপুর ইউপির ভবভদ্রী অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল পালানোর চেষ্টা করে। পরে র্যাবের সোর্সের সহযোগিতায় আসামি রুবেলকে একটি বিদেশি রিভলবারসহ আটক করতে সক্ষম হয়।
ধৃত আসামি রুবেলের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে র্যাব জানায়।