ধর্ম ডেস্ক :
১৪৪৩ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল শনিবার (২ এপ্রিল) বৈঠকে বসছে ইসলামিক ফাউন্ডেশন। এরপরই জানা যাবে রমজান শুরুর নির্দিষ্ট তারিখ।
শুক্রবার (১ এপ্রিল) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সাহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
অন্যদিকে শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে সোমবার (৪ এপ্রিল)। এক্ষেত্রে রোববার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে এবং শেষ রাতে খেতে হবে সাহরি।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।