আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪ বছর বয়সের এক শিশু সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় হত্যার অভিযোগে সৎ মা কোহিনুর বেগমকে আটক করা হয়।
সোমবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের উত্তর দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চর জিয়া নগর সৈয়াল বাড়ি হাবীবুল্লাহর ছেলে গত ৪/৫ দিন আগে তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুজির পর না পাওয়াতে রবিবার হাজীগঞ্জ থানায় হাবীবুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন।
সূত্রে জানা যায়, সৎ মা কোহিনুর বেগম সুকৌশলে তার স্বামীর আগের সংসারের ছেলে আহম্মদ শাহ’কে তার বাবার বাড়িতে নিয়ে আসেন। এরপর তার বাবার বসতঘরে শিশু আহম্মদকে হত্যা করে পুতে রেখে স্বামীর বাড়িতে চলে যায়।
পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন স্থানীয় প্রশাসনকে অবগত করেন।
সহকারী পুলিশ সুপার (রামগঞ্জ সার্কেল) মোঃ শেখ সাদি বলেন, ঘটনাস্থল থেকে মাকে গ্রেফতার করা হয়েছে। শিশুর বাবা হাবীবুল্লাহ ও বোনদেরকে থানায় নিয়ে আসা হয়। শিশুর মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে।