নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। সোমবার ভোররাতে সদর উপজেলার নুরুল্যাহপুর গ্রামের পুরান বাড়ি প্রকাশ আমেরিকাওয়ালা বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, ৩৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ দেড় লাখ টাকা লুটে নিয়েছে ৮/১০ জনের স্বশস্ত্র একটি ডাকাত দল।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান প্রবাসী সামছুল হুদা, জিল্লুর রহিম ও হারুনুর রশিদ তারা তিনটি পরিবার একই দালানে যৌথভাবে বসবাস করেন। ভোররাতে কাঁঠাল গাছ বেঁয়ে বাড়ির সীমা দেওয়াল টপকে বিল্ডিংয়ের ছাদের কলাপসিবল গেইট ভেঙ্গে প্রবাসী সামছুল হুদা গংদের ঘরে প্রবেশ করে ৮/১০ জনের স্বশস্ত্র ডাকাত দল। এ সময় ঘরে থাকা সবার হাত, পা এবং মুখ বেঁধে ফেলে তারা।
এ সময় প্রবাসী জিল্লুর রহিমের ৮ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা, প্রবাসী হারুনুর রশিদের ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা এবং সামছুল হুদার সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৩ হাজার টাকা লুট করে পালিয়ে যায় ডাকাত দল।
ডাকাতিকালে বাধা দিলে গৃহবধূ জেসমিন আক্তার ও ফজিলাতুন নেছাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় সকালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।