- চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে চন্দ্রগঞ্জের ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই বিক্ষোভ করে তারা। এসময় নেতাকর্মীরা স্লোগান দেয় অবৈধ পকেট কমিটি মানিনা মানবো না।
এ দিকে, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু বলেন, দলের বর্ধিত সভা ছাড়া এভাবে পকেট কমিটি ঘোষণা করা অবৈধ ও অগঠনতান্ত্রিক। আগামীকালকেই জরুরী সভা ডেকে এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের দলীয় প্যাডে সংগঠনের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী মঙ্গলবার বিকেল ৪টার দিকে তার ফেসবুকে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ১৬ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।
এতে ০৩ মার্চ শুক্রবার তারিখে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে এবিষয়ে একটি জরুরী সভার কথা উল্লেখ করা হয়েছে। অথচ, তিনি ফেসবুকে কমিটি ঘোষণা করলেন ০৭ তারিখে। এতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান কমিটির নেতারাসহ দলীয় কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দেয়।
এ ব্যাপারে জানতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী মুঠোফোনে বলেন, আমাদের সাথে আলোচনা না করে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক কীভাবে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করলো? তাই আমরা সিদ্ধান্ত নিয়ে ইউনিয়ন কমিটি ভেঙে সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটি করেছি।
সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সম্পর্কে জানতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইনুল আহমেদ তানভীর বলেন, তিনি এরকম কোনো সভা হয়েছে বা ওই সভায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের কোনো কমিটি হয়েছে বলে জানেন না। একই কথা জানিয়ে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি এম. ছাবির আহম্মেদও একই প্রতিক্রিয়া জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।