নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর সুধারাম থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ মো. ফয়সাল প্রকাশ বেলায়েত নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার দুপুরে সুধারাম থানাধীন চরকাউনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলায়েত (৩৪) একই এলাকার আবুল মোকারম ভূঁইয়ার ছেলে। র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে চরকাউনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধ অস্ত্রধারী মো. ফয়সাল প্রকাশ বেলায়েত দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি টর্চ লাইটসহ আটক করতে সক্ষম হন।
র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা বিষয়টি নিশ্চিত করেন।