নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর সুধারাম থানাধীন পূর্ব মাইজচরা গ্রাম থেকে বন্দুক ও গুলিসহ ৯টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আবদুল করিমকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা। সোমবার বিকেলে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরআগে রোববার রাত ১০টায় তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে সুধারাম থানাধীন পূর্ব মাইজচরা গ্রাম থেকে ৯টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আবদুল করিমকে (৪৫) গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি তল্লাশী করে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি, ১টি তরবারি, ১টি ছোরা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সে একই এলাকার মৃত চাঁন মিয়ার পুত্র। তার বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।