আকাশবার্তা ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগ ও বিএনপিতে দলীয় প্রার্থী প্রায় চূড়ান্ত। এখানে আওামী লীগ থেকে নির্বাচন করবেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অপরদিকে বিএনপি থেকে নির্বাচন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। বড় দুই দলের দুই হেভিওয়েট প্রার্থীর নির্বাচন করাটা প্রায় নিশ্চিত। তবে আওয়ামী লীগ থেকে ওবায়দুল কাদেরের বিকল্প কোনও প্রার্থী না থাকলেও বিএনপির স্থায়ী কমটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারেন ২০ দলীয় জোট নেতা ফখরুল ইসলাম ফারুক। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম এ আসন থেকে নির্বাচন করেন মওদুদ আহমদ ও ওবায়দুল কাদের। মওদুদ আহমদ জাতীয় পার্টির টিকিটে লাঙ্গল প্রতীক নিয়ে নৌকার প্রার্থী ওবায়দুল কাদেরকে পরাজিত করেন। এরপর ১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মওদুদ আহমদকে হারিয়ে দেন ওবায়দুল কাদের।
নির্বাচনে পরাজিত হওয়ার পরেই জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন মওদুদ আহমদ। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ওবায়দুল কাদেরকে অল্প ভোটের ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০০৮ সালে ২৯ ডিসেম্বরের নির্বাচনে মওদুদকে আবার হারান ওবায়দুল কাদের। এরপর দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনে
অবশ্য বিএনপি অংশ নেয়নি। স্থানীয়রা জানিয়েছেন, আগামী নির্বাচনে বিএনপি এলে এই আসনে জমজমাট লড়াই হবে। কারণ দুইজনই বড় দুই দলের প্রভাবশালী নেতা। মওদুদ আহমদ মন্ত্রী থাকাকালীন এ এলাকায় উন্নয়ন করেছেন। আবার ওবায়দুল কাদের মন্ত্রী হওয়ার পরও উন্নয়ন করেছেন। বর্তমানে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রীর দায়িত্বে আছেন।
স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা জানিয়েছেন, কোন ব্যতিক্রম ঘটনা না ঘটলে এ আসনে আগামীবারও ওবায়দুল কাদের ও মওদুদ আহমদ প্রার্থী হবেন। এ দুইজনের বিকল্প প্রার্থী এখনও এ সংসদীয় আসনে হয় নাই।