আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবসা করায় বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার (১২ মে) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এসময় বিদেশী মুদ্রা বেচাকেনার ব্যবসার সাথে জড়িত দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত চন্দ্রগঞ্জ বাজারস্থ ‘শ্রী শ্রী নিতাই গৌর বস্ত্রালয় এন্ড গার্মেন্টস’ (স্থানীয়ভাবে পরিচিত বলরাম বাবুর দোকান) এবং ‘আল মদিনা বস্ত্রালয়’-এর আড়ালে অবৈধভাবে বিদেশি মুদ্রা বেচাকেনার কারবার চলে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে চন্দ্রগঞ্জ বাজারে অভিযান চালায়। এসময় উল্লেখিত দোকান দুটিতে তল্লাশী চালিয়ে ডলার, রিয়ালসহ বিভিন্ন দেশের বাংলাদেশী মুদ্রায় প্রায় অর্ধ কোটি টাকার বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে বলরাম দেবনাথের ৪৬ লাখ ৩৯ হাজার ৯১০ টাকা ও আল মদিনা বস্ত্রালয়ের ১ লাখ ৬৬ হাজার টাকা।
অভিযানে ‘শ্রী শ্রী নিতাই গৌর বস্ত্রালয় এন্ড গার্মেন্টসের মালিক খোকন দেবনাথ এবং আল মদিনা বস্ত্রালয়ের মালিক ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ রাহাত বলেন, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে বিদেশী মুদ্রা লেনদেনের অভিযোগ ছিল। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।