
আকাশবার্তা ডেস্ক :
মোবাইল চুরির অপবাদ দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরের বামনী এলাকায় ৪ বছরের শিশু পিয়াসকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এর আগে সন্ধ্যায় মোবাইল চুরির অপবাদ দিয়ে একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে রাকিব হোসেন শিশু পিয়াসকে ডেকে নিয়ে বস্তায় ভরে নির্যাতন করে বলে অভিযোগ করেন শিশুর বাবা। পিয়াসের চোখে, মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পিয়াস রায়পুরের বামনি গ্রামের মো. সোহেলের ছেলে। অভিযুক্ত রাকিব একই গ্রামের তৌহিদুর রহমানের ছেলে।
শিশুর বাবা ও পুলিশ জানায়, রাকিব হোসেনের একটি মোবাইল ফোন কে বা কারা নিয়ে যায়। ওই মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে সন্ধ্যায় পিয়াসকে ডেকে নেয় রাকিব হোসেন। পরে চুরির অপবাদ দিয়ে বেদম মারধর করে। একপর্যায়ে বস্তাবন্দি করে নির্যাতন করা হয় বলে দাবি করেন শিশুটির বাবা। শিশু পিয়াসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সদর হাসপাতালে ভর্তি করে।
এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পিয়াসের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন, সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নাছির উদ্দিন। তিনি জানান, শিশু পিয়াসের চোখে ও মুখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রাকিব হোসেনকে গ্রেপ্তারের অভিযান চলছে।