
আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে ১টি দোনলা বন্দুক, ২০ রাউন্ড বন্দুকের কার্তুজ ও ২৬৬ রাউন্ড পিস্তলের গুলিসহ সম্প্রতি বন্দুকযুদ্ধে নিহত জেলার শীর্ষ সন্ত্রাসী লাদেন মাছুম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুছ ছাত্তারকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের ফতেহধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার পর তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে ধৃত আসামি আব্দুছ ছাত্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি আব্দুছ ছাত্তার (৫৭) একই এলাকার মৃত মমিন উল্যার পুত্র।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন জানান, সম্প্রতি বশিকুপুরে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী লাদেন মাছুম বাহিনীর অন্যতম সদস্য আব্দুছ ছাত্তারের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বশিকপুর ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই ইউনিয়নের ফতেহধর্মপুর গ্রামের একটি চা দোকান থেকে আব্দুছ ছাত্তারকে প্রথমে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আব্দুছ ছাত্তারের নিজবাড়ির রান্নাঘরের মাটির নীচ থেকে একটি দোনলা বন্দুক, ২০ রাউন্ড বন্দুকের গুলি ও ২৬৬ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।