আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের কমলনগরে অপহরণ করে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গণধর্ষণ করেছে আবুল কালাম ও তার দুইবন্ধুসহ ৩ জন। পালাক্রমে ধর্ষণের পর ওই নারীকে মাথার চুল কেটে নির্যাতনও করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ওই নারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে ওই নারীকে অপহরণ করে রাতভর গণধর্ষণ করা হয় বলে হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম গণমাধ্যমকর্মীদের জানান।
ঘটনার শিকার ওই নারী কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে। তার ৬ ও ৮ বছর বয়সী দুইটি সন্তান রয়েছে। অভিযুক্ত আবুল কালাম তোরাবগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে।
ভিকটিম ওই নারী আরো জানান, কয়েকমাস আগে পারিবারিক কলহের জেরধরে স্বামী আবুল কালামের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ থেকে সিএনজিযোগে লক্ষ্মীপুর আসার পথে আবুল কালামসহ আরো কয়েকজন সিএনজি থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে চোখ বেঁধে একটি ঘরে নিয়ে যায়। এ সময় কালামের দুই বন্ধু তাকে মারধর করে চুল কেটে দেয়। পরে কালাম ও তার বন্ধু স্থানীয় সিরাজের ছেলে বাবলুসহ ৩ জন মিলে রাতভর পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই নারী। এদিকে স্থানীয় এলাকাবাসী ধর্ষকদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার কমলাশীষ রায় বলেন, ধর্ষণ ও নির্যাতনে আঘাতপ্রাপ্ত এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই নারীর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধর্ষণের ঘটনার পরীক্ষা নিরীক্ষা রোববার (১৯ নভেম্বর) সকালে করা হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস মুঠোফোনে জানান, তালাকপ্রাপ্ত নারীকে তার সাবেক স্বামী ও দুই সহযোগী মিলে পালাক্রমে ধর্ষণের ঘটনা শুনেছেন তিনি। এ ঘটনার তদন্তসহ জড়িতদের পুলিশ খুঁজছে বলে জানান এ কর্মকর্তা।