নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীতে পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ ডাকাত সেলিমকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার রাতে সুধারাম থানাধীন বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত সেলিম সুধারামের মাইশ্চরা গ্রামের আলী আহম্মদের পুত্র। মঙ্গলবার বিকেলে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, অস্ত্র ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ ৭টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সেলিম ডাকাত বাংলাবাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরো জানায়, সেলিম ডাকাতের পিতা আলী ডাকাত ও তার চাচা করিম ডাকাত নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার তালিকাভূক্ত শীর্ষ ডাকাত। তার ভাই নিজাম ডাকাত তিনমাস আগে জরজব্বার থানা এলাকায় গরু চুরির ঘটনায় গণপিটুনিতে নিহত হয়।
র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি মোঃ জসিম উদ্দিন চৌধুরী ডাকাত সেলিমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।