আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে একই দিনে পৃথকস্থান থেকে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের খামার বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে মান্নান (৭) নামের এক শিশু ও রামগতি উপজেলার চরগাজী এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার বিকেলে মান্নান তার নানার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা চন্দ্রগঞ্জ থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত শিশুটি খামার বাড়ির কামাল উদ্দিনের ছেলে।
অন্যদিকে একইদিন সকালে রামগতি উপজেলার চরগাজী এলাকার মেঘনানদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের সহযোগিতা নিয়েও লাশটি সনাক্ত করা যায়নি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সকালে মেঘনা নদীর চরগাজী এলাকায় যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।