আকাশবার্তা ডেস্ক :
নড়াইলের লোহাগড়া উপজেলার ধলইতলা গ্রামে অনৈতিক সম্পর্কের জেরে এক কুমারী মেয়ে সন্তান প্রসবের পর পাষন্ডরা কেড়ে নিয়ে গেছে ওই নবজাতককে। দরিদ্র ও গ্রামে দুর্বল হওয়ায় ন্যায্য বিচার চেয়েও বিচার পাননি ভুক্তভোগী ওই কুমারী ও তার পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ১ ডিসেম্বর ইতনা ইউনিয়নের ধলাইতলা গ্রামে। প্রভাবশালীদের ভয়ে ভুক্তভোগী পরিবার পুলিশ কিংবা আইনের সহযোগিতা নিতেও সাহস পাচ্ছেন না। অভিযোগে জানা গেছে, ইতনার ধলাইতলা গ্রামে মৃত ইলিয়াস ভুইয়ার স্ত্রী ও সন্তানরা নিজ খুঁপড়ি ঘরে বসবাস করেন। অভাবের সংসার তাদের। এ কারণে গ্রামের লোকজন তাদের অবহেলার চোখে দেখে।
গত ৯ মাস আগে এক বিকেলে ধলাইতলা গ্রামের ইলিয়াস ভুইয়ার বাড়ির আশপাশ দিয়ে পার্শ্ববর্তী কুমারডাঙ্গা গ্রামের মৃত মোস্ত শেখের লম্পট ছেলে নয়ন শেখ (৩২) ইলিয়াস ভুইয়ার যুবতী মেয়েকে (১৯) উত্ত্যক্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে লম্পট নয়ন ওই বাড়িতে ঢুকে ওই মেয়ের কাছে পানি চায়। মেয়েটি তাকে পানি এনে দেয়। পানি পানের পর ওই দিন চলে গেলেও ৩/৪ দিন পরে নয়ন পুনরায় ওই মেয়েদের বাড়িতে আসে। সেদিন মেয়েটির মা বা ভাই কেউই বাড়িতে ছিলনা।
এ সুযোগে নয়ন ঘরের মধ্যে ঢুকে জোর করে যুবতী মেয়েটিকে ধর্ষণ করে। এরপরও নয়ন ওই বাড়িতে এসে কয়েক দফায় মেয়েটিকে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি মেয়েটি। এক পর্যায়ে যুবতী মেয়েটি অন্ত:সত্ত্বা হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা ঘটনাটি টের পায় এবং তখন সে পরিবারের সদস্যদের সবকিছু খুলে বলে। মেয়েটির মা বিষয়টি জানার পর লোকলজ্জার ভয়ে বিভিন্ন ক্লিনিকে গিয়ে মেয়ের বাচ্চা ফেলে দেবার চেষ্টা করে ব্যর্থ হয়।
উপায়ন্তর না পেয়ে গ্রামের প্রভাবশালী লোকজন ও লম্পট নয়নের পরিবার এবং তার আত্মীয়স্বজনদের কাছে উপযুক্ত বিচার চেয়ে ব্যর্থ হন মেয়েটির মা।