আকাশবার্তা ডেস্ক :
আগামী ৩০ জানুয়ারি থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওইদিন সিলেটে জনসভা থেকে দলীয় প্রার্থীদের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইবেন তিনি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি খবরটি দিয়েছেন।
জানা যায়, আগামী ৩০ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় অংশ নেবেন বঙ্গবন্ধুকন্যা। এটাই হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তার প্রথম জনসভা। বিমানের ফ্লাইটে চড়ে সিলেটে যাবেন তিনি।
আগামী নির্বাচনে প্রার্থী হতে চান না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই না। অবসর সময় কাটাতে চাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে না করার সুযোগ থাকে না। এ বিষয়ে আগামী এপ্রিলে জানাতে পারব।’
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আরেকবার ক্ষমতায় আসলে দেশের দারিদ্র্য আর থাকবে না। দেশে দরিদ্রতা যে ছিল, এটা ইতিহাস হয়ে থাকবে।
মন্ত্রী বলেন, এটা লজ্জার ব্যাপার যে দেশে দারিদ্র্য আছে। যে দেশে এতো সম্পদ সে দেশে দরিদ্রতা থাকতে পারে না। শেখ হাসিনার সরকার আরেকবার ক্ষমতায় আসলে দেশের সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের দরিদ্রতা দূর করা হবে।
অর্থন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে সমস্যা আছে। এর জন্য ব্যাংক সংশ্লিষ্টরা তো বটেই, সরকারেরও দোষ আছে। অনেকে এ বিষয়ে অনেক রকম প্রশ্ন করেন, আসলে সব কথাই ঠিক নয়। সমস্যা সমাধানে আমরা চেষ্টা করছি।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় শহরগুলোতে দলের সভাপতির সাংগঠনিক সফরের সিদ্ধান্ত হয়। নির্বাচনি বছরের প্রথম সাংগঠনিক সফর সিলেট থেকে শুরু করার আগ্রহ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।