আকাশবার্তা ডেস্ক :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার দিন আদালতে প্রাঙ্গণে আইনজীবী ও সংবাদকর্মীদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ড মাঠে স্থাপিত বিশেষ আদালতে প্রবেশকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা! আইনজীবী-সাংবাদিক কাউকেই আদালতে ঢুকতে দিচ্ছে না পুলিশ। এটা ক্যামেরা ট্রায়াল দিয়ে গোপন বিচারের মতো মনে হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খালাস পাবেন। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা জন্য আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিন ধার্য রয়েছে। বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন।
সূত্র : দৈনিক আমার সংবাদ/এএইচ/আকাবিডি